রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের রাস্তায় বাসের ধাক্কায় মেঘনা (২০) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দাবি করা নাঈম নামে এক যুবক জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর থানার রঙ্গপুর গ্রামে। বর্তমানে সচিবালয় ৩ নম্বর গেট এলাকার আশপাশের রাস্তায় থাকেন তারা।

তিনি আরও জানান, তারা দুজন ভাঙ্গারি মালামাল টোকান। বিকেলে তিনি জানতে পারেন প্রেস ক্লাবের বিপরীত পাশের রাস্তায় একটি বাস তার স্ত্রীকে ধাক্কা দিয়েছে। পরে তিনি সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।