লিভারপুল এখন পথভ্রষ্ট

লিভারপুলের সামনে সুযোগ ছিল ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগ টেবিলে দুইয়ে ওঠার। তবে সুযোগটা কাজে লাগাতে পারল না তারা। গতকাল শনিবার ইপিএলে ওয়েস্টহ্যাম ও লিভারপুল ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। একই দিনে ১-১ গোলে ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির ম্যাচও। ৭৯ মিনিটে অ্যান্থনির গোলের পর বার্নলির জেকি ৮৭ মিনিটে সেটি শোধ দেন।

৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিনেই আছে লিভারপুল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ম্যানইউ ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্টে ৬ নম্বরে।

লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে পয়েন্ট হারাল লিভারপুল। জ্যারড বোয়েনের গোলে স্বাগতিক ওয়েস্টহ্যাম এগিয়ে যায় ম্যাচের ৪৩ মিনিটে। চলতি আসরে বোয়েনের গোল হলো ১৬টি, প্রিমিয়ার লিগে এক মৌসুমে ওয়েস্টহ্যামের হয়ে যা যৌথভাবে সর্বোচ্চ। ১৯৯৯-২০০০ মৌসুমে ১৬ গোল করেন পাওলো দি কানিও। ৪৮ মিনিটে অ্যান্ডি রবার্টসন গোল করলে সমতায় ফেরে লিভারপুল। ৬৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্লপের দল। ৭৭ মিনিটে বোয়েনের ক্রস থেকে হেডে সমতা টানেন আন্তোনিও। শেষ ১০ মিনিটে মোহামেদ সালাহ ও নুনেজকে বদলি নামিয়েও কাজ হয়নি।