মুগ্ধতা ছড়ানো মেসির জোড়া গোলে মায়ামির জয়

ম্যাচের আগে নিউ ইংল্যান্ড রেভল্যুশন দলের কোচ বলেছিলেন মেসিতে মুগ্ধদের একাদশে রাখবেন না তিনি। বাংলাদেশ সময় আজ সকালে এমএলএস-এ ইন্টার মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচে মেসি যা করলেন তাতে মুগ্ধ না হয়ে কি উপায় আছে! দলের চার গোলেই অবদান রাখলেন মেসি।

ঘরের মাঠ জিলেট স্টেডিয়ামে প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে নিউ ইংল্যান্ড ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল। ৪০ সেকেন্ডে গোল করেন টমাস চানকালে।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ৩২ মিনিটে রবার্ট টেলরের বাড়ানো বল থেকে মেসি সমতা আনেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। বুসকেটসের বারানো বল বক্সে পেয়েই শটে জালে জড়ান মেসি। তাতে রেকর্ডেও নাম লেখান আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে একাধিক গোলে অবদান রাখলেন।

৮৩ মিনিটে হ্যাটট্রিক করতে পারতেন মেসি, আবারও বক্সে বল পেয়ে শট নেন। নিউ ইংল্যান্ড গোলকিপার তা ফিরিয়ে দিলে, ফিরতি বল জালে পাঠান ক্রেমাশ্চি।

পরের গোলেও আছে মেসির ছোয়া। ৮৮ মিনিটে বক্সের খানিকটা বাইরে বল পান মেসি। সামনে থাকা এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন বাঁ-পাশে থাকা লুইস সুয়ারেজকে। চিপ শটে গোল করে স্কোর ৪-১ করেন সুয়ারেজ।

মেসি পাসটি দেওয়ার সময় বক্সে ছিল নিউ ইংল্যান্ডের পাঁচ-ছয় জন খেলোয়াড়। এই অ্যাসিস্টেও দারুণ এক রেকর্ড গড়েছেন মেসি।এমএলএস এর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমে প্রথম ৭ ম্যাচে অন্তত্য ১৫ (১৬) গোলে অবদান রাখলেন মেসি।

চলতি মৌসুমে লিগে মেসি গোল করেছেন ৯টি, যা তাকে এরই মধ্যে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথমে বসিয়েছে। অ্যাসিস্ট করেছেন ৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে মেসির গোল হলো ১১টি।

মেসি রেকর্ড গড়েছেন আরও। পেনাল্টি ছাড়া তার গোল এখন ৭২৩টি। রোনালদোর ৭২১টি। রোনালদোর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলে পেনাল্টি ছাড়া গোলে আবারও এগিয়ে গেলেন মেসি।

এমএলএস-এ চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচ শেষে ২১ পয়েন্টে শীর্ষে আছে মায়ামি। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাতি। পরের ম্যাচে ঘরের মাঠে আগামী রবিবার মায়ামি খেলবে রেড বুলসের বিপক্ষে।