ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৩ আরোহীর

সিলেটের জকিগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

গুরুতর আহতাবস্থায় তাদের জকিগঞ্জের রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরেক মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তিনি মারা যান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।