ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভূইয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্বাস ভূইয়া ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, যেখান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে এর থেকে ভারতীয় সীমান্ত ২০০/৩০০ গজ দূরে। তবে এটি সীমান্তসংক্রান্ত কোনো ঘটনা নয়। নিহতের পায়ের নিচে এবং কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতগুলো কিসের তা এখনো স্পষ্ট বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, নিহতের পরিবারের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে- তা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ হত্যারহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।