নিউ ইংল্যান্ড কোচ নিজেই মুগ্ধ হলেন মেসিতে

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির মুখোমুখি হওয়ার আগে নিউ ইংল্যান্ড এর কোচ বলতে গেলে হুমকিই দিয়েছিলেন নিজ দলের খেলোয়াড়দের।

নিউ ইংল্যান্ড দলের কোচ কালেব পর্টার বলেছিলেন, যেসব খেলোয়াড়ের মেসির প্রতি মুগ্ধতা আছে, তাদের মায়ামির বিপক্ষে একাদশে না রাখার চেষ্টা করবেন।

তবে ম্যাচের পরই যেন পাল্টে গেল সব। আজ সকালে হওয়া ম্যাচটিতে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে নিউ ইংল্যান্ডকে। ম্যাচে মেসি করেছেন জোড়া গোল। অ্যাস্টিক করেছেন লুইস সুয়ারেজের গোলে। ক্রামাশ্চির গোলেও মেসির অবদান আছে।

মেসিতে মুগ্ধ হওয়ার কথা সরাসরি না বললেও তাকে প্রশংসায় ভাসিয়েছেন এই কোচ।

ম্যাচের পর পর্টার বলেন, 'আপনাকে ভালো করে (মেসির গোলের) দুটি মুহুর্ত দেখতে হবে। আমি মনে করি তারা এমন সময় দুটি গোল পেয়েছে যখন আমরা তাদের চেয়ে বেশি ভালো সুযোগ তৈরী করছিলাম। কিন্তু এটাই মেসি! সে হুট করে দুটি গোল করলো আর ম্যাচটা সেখানেই…'

মেসি ম্যাচের শুরু দিকে খুব বেশি সময় বল পায়ে রাখেননি। তবু দুটি গোল আদায় করে নেন। মেসির এই বিশেষ গুণ নিয়ে পর্টার বলেন, 'আমার মনে হয় না ম্যাচের শুরুর দিকে মেসি খুব একটা বল স্পর্শ করেছে। কিন্তু আমরা জানি এটিই মেসির গুণ। দুবার ডিফেন্সকে শান্ত করে দিয়ে গোল করলো।'  

এমএলএস এর চলতি মৌসুমে ৭ ম্যাচ খেলে ৯ গোল করে শীর্ষ গোলদাতা মেসি।