ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির রান ৫১। তা দেখলে যে কারোরই মন খুশিতে ভরে উঠবে। তবে দলীয় সংগ্রহটা মাত্র ১০০। জ্যোতির বাকি সতীর্থদের মধ্যে দুই অংকের রান ছুঁতে পেরেছেন আর মাত্র দুজন। তাতেই ব্যাটিং দৈন্যদশা ফুটে উঠে বাংলাদেশের। আর ব্যাটারদের ব্যর্থতাতেই ৪৫ রানের হার দিয়ে ভারতের বিপক্ষে সিলেটে সিরিজ শুরু করতে হয়েছে স্বাগতিকদের।

ভারতের ছুঁড়ে দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ১০০ রানে। অলআউট হয়নি এই যা অর্জন। 

দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস পেলেও জ্যোতি খেলেছেন ৪৮ বল। টি-টোয়েন্টিতেও স্ট্রাইক রেট মাত্র ১০৬। তবে তাকেও দোষ দেওয়া যায় না। কারণ দলের বাকিরা যখন যাওয়া আসার মিছিলে, তখন একজন টিকে থেকে উইকেট আগলে রাখাই ভালো। জয় না এলেও অন্তত হারের ব্যবধান কমানো যায়। বাংলাদেশ অধিনায়ক সেটাই করেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে মুর্শিদার ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেছেন স্বর্ণা আক্তার। এর বাইরে আর কোনো ব্যাটারই দুই অংকের রান পাননি। 

ভারতের হয়ে রেনুকা সিং সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। দুটি উইকেট নেন পূজা ভাসত্রাকার।