লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো যখন লা লিগায় ছিলেন, তখন তাদের লড়াইটা ছিল জমজমাট। একেক ম্যাচে একেকজন পৌঁছাতেন মাইলফলকে। আজ দুজনার পথ বেকে গেছে দু দিকে।
মেসি এখন মেজর লিগ সকারে আর রোনালদো সৌদি প্রো লিগের দলে। দুই প্রান্তের দুটি ক্লাবে খেললেও লড়াইয়ের নেশা আজও রয়ে গেছে তাদের।
রবিবার নিউ ইংল্যান্ডকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসি করেছেন জোড়া গোল, অন্য দুটি গোল বেঞ্জামিন ক্রেমাস্কি ও লুইস সুয়ারেসের। মেসি অবদান রেখেছেন সেই দুই গোলেও।৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড এগিয়ে গিয়েছিল ৪০ সেকেন্ডেই। এরপরই শুরু মেসি যাদু।
লিগে ৭ ম্যাচ খেলে মেসির গোল এখন ৯টি। রিয়েল সল্ট লেকের ক্রিস্তিয়ান আরাঙ্গোর ৮ গোল ছাড়িয়ে এবারের এমএলএসের গোলদাতার তালিকার শীর্ষে এখন মেসি। এ টানা পাঁচ ম্যাচে একাধিক গোলেও রাখলেন অবদান। মেজর লিগ সকারে এমন নজির নেই আর কারও।
মেসি রেকর্ড গড়েছেন আরও একটা। পেনাল্টি ছাড়া তার গোল এখন ৭২৩টি। রোনালদোর ৭২১টি। রোনালদোর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলে ৭২৩ গোল তার।
১১ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে মায়ামি। দুই কনফারেন্স মিলিয়েও একই অবস্থানে মেসির দল। দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পয়েন্ট সমান ২১ হলেও গোল গড়ে এগিয়ে মায়ামি।