বললেন মাহমুদ আব্বাস

একমাত্র যুক্তরাষ্ট্রই রাফায় ইসরায়েলি হামলা থামাতে পারে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলকে রাফায় স্থল হামলা চালানো থেকে একমাত্র যুক্তরাষ্ট্রই বিরত রাখতে পারে। রবিবার (২৮ এপ্রিল) সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি এ আহ্বান জানান।

রাফা অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে সেখানে স্থল হামলা চালাবে ইসরায়েল। ইতিমধ্যে সেখানে বিমান হামলা জোরদার করেছে দেশটি। এমন পরিস্থিতিতে এই মন্তব্য করলেন মাহমুদ আব্বাস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মিসরের সীমান্তবর্তী শহরটিতে গাজার ২৩ লাখের মানুষের মধ্যে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ইসরায়েলের দাবি, শহরটিতে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। তাই হামাসকে নির্মূল করতে সেখানে স্থল অভিযানের হুমকি দিয়ে আসছে তারা। যদিও ব্যাপক প্রাণহানির আশঙ্কায় সেখানে অভিযান চালানোর বিষয়ে বিরোধিতা করছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশ।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল রাফায় হামলা চালাতে পারে। সেখানে ছোট হামলা হলেই ফিলিস্তিনিরা গাজা ছাড়তে বাধ্য হবে। তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে।