আবার একসঙ্গে তামিম-ইমন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমিতভাবেই প্রথম তিন ম্যাচে দলে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে বাংলাদেশের সবশেষ সিরিজ। বিশ্বকাপ যাত্রার আগে যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওঠা আর সেরা ১৫ জনকে বেছে নেওয়ার এটাই সেরা সুযোগ। সাকিব এবং মোস্তাফিজের মতো নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতি সুযোগ করে দিয়েছে বিকল্প ক্রিকেটারদের বাজিয়ে দেখারও।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। যে দলটা মূলত ছিল পূর্ববর্তী নির্বাচক কমিটির গড়ে দিয়ে যাওয়া সবশেষ দল, যেখানে পরে একটি পরিবর্তন এনেছিলেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই দল থেকে বেশ বড় একটা অংশই বাদ পড়েছেন। যেমন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়, নাঈম শেখ এবং সৌম্য সরকার বাদ পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। জায়গা হয়নি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের, সেই দলে থাকা রহস্য স্পিনার অ্যালিস আল ইসলামের শেষ পর্যন্ত চোটের কারণেই আর জায়গা হয়নি। তবে বদলি হিসেবে দলে ঢোকা জাকের আলি অনিক জাতীয় দলে এসে টিকে গেছেন, আছেন জিম্বাবুয়ে সিরিজেও।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে এসেছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ৩৮৪ রান তামিমের, করেছিলেন সেঞ্চুরিও। তার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সতীর্থ পারভেজ হোসেন ইমন সেই ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে একটা ম্যাচ খেলেছিলেন জাতীয় দলের হয়ে, এরপর গত বছর এশিয়ান গেমসে দুটো। লম্বা সময় পর তাকেও ডেকেছেন নির্বাচকরা। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান তার, এই মৌসুমে করেছেন তিন সেঞ্চুরি। ইমনকে মাঠে ফেরানোর এখনই সময়।

চোট কাটিয়ে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফ উদ্দিন, বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ, কোথাও উল্লেখযোগ্য কিছুই করেননি আফিফ হোসেন। তবুও দলে আছেন। পরিসংখ্যানের দিকে না তাকিয়ে ফের প্রতিভার দিকেই তাকিয়েছেন নির্বাচকরা। আরেক প্রতিভাবান সৌম্য সরকারেরও সুযোগ হয়নি। চোটের কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে রানিং টেস্টে অংশ নেননি সৌম্য, ১৭ জনের প্রস্তুতি ক্যাম্পে নাম থাকলেও হয়তো সেখানে কোচদের সন্তুষ্ট করতে পারেননি বিশ্বকাপ এলেই কীভাবে যেন দলে চলে আসা এই ক্রিকেটার।

দল গঠন নিয়ে নির্বাচক হান্নান সরকার ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা আসলে সবাই জানি যে, মে মাসের ৩ তারিখ থেকে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তিনটা ম্যাচ চট্টগ্রামে ও দুটি ঢাকায় অনুষ্ঠিত হবে। আমরা আসলে প্রথম তিন ম্যাচের দল ঘোষণা করেছি। দলে তিনজন ওপেনার ও পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে। আটজন ব্যাটারের সঙ্গে তিনজন স্পিনার আছেন। স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। ডান-বামহাতি ও লেগ স্পিনার। তার সঙ্গে চারজন পেসার রয়েছেন। এর মধ্যে সাইফ উদ্দিনকে আমরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছি। এ ছাড়া তাসকিন, শরিফুল ও তানজিম সাকিব রয়েছেন।’

তানজিদ তামিমকে দলে নেওয়া প্রসঙ্গে হান্নান বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটটা আসলে যেভাবে খেলা উচিত তার মধ্যে সেই অ্যাবিলিটি আছে।’ সাইফ উদ্দিনকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে হান্নান বলেছেন, ‘সাইফ উদ্দিনকে আমরা অলরাউন্ডার হিসেবেই চিন্তা করেছি। জিম্বাবুয়ে সিরিজে সে এই রোলটাই প্লে করার চেষ্টা করবে। আর আফিফ হোসেনকে নেওয়া হয়েছে সাকিব আল হাসান প্রথম তিন ম্যাচে না থাকায়। সে ৩০ তারিখ দেশে আসবে। ডিপিএলের দুটি ম্যাচ খেলতে চায়। আমরা মনে করেছি, নিজেকে প্রস্তুত করার জন্য যে সময়টা প্রয়োজন, তা আসলে টি-টোয়েন্টিতে থাকে না। ৫০ ওভারের ক্রিকেটে সেই সময়টা থাকে। ব্যাটিং-বোলিংয়ের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়া যায়। স্বাভাবিকভাবে প্রথম তিন ম্যাচে আমরা তাকে রাখিনি।’

বাংলাদেশ দল ঘোষণার দিনেই ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে দলও। ঢাকা থেকেই তাদের গন্তব্য চট্টগ্রাম।

জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন।