সাবিনাদের নতুন শুরু

বসুন্ধরা কিংসের অধিনায়ক হিসেবে গেল তিন মৌসুমে কেবল শিরোপাই জেতেননি, সাবিনা খাতুন অসংখ্য গোলের মালা গেঁথে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সেই সাবিনারই আজ নতুন এক শুরু হতে যাচ্ছে। বসুন্ধরা কিংস এ বছর নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে না। তাই একটা সময় সাবিনাসহ সেই দলে খেলা জাতীয় দলের একঝাঁক ফুটবলারের লিগে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শেষ সময়ে তাদের দায়িত্ব নিয়েছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। নারী ফুটবলের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকলেও আগে কখনো শিরোপায় চোখ রেখে দল গড়েনি নাসরিন। এবার তারা দলে ভিড়িয়েছে সাবিনা, কৃষ্ণা, সানজিদা, মারিয়া, মনিকাদের মতো বড় তারকাদের। এ দলটি আজ নতুন স্বপ্ন নিয়ে লিগ যাত্রা শুরু করবে জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে।

নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার বেবী শেষ মুহূর্তে সাবিনাদের মতো তারকাদের দলে নিতে পারেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরোক্ষ সহায়তার আশ্বাস পেয়ে। শোনা যায় মহিলা কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ পেছন থেকে সব ধরনের সমর্থন দিয়ে আসছেন দলটিকে। এ কারণেই সাবিনারা বাফুফের চতুর্থ তলায় জাতীয় দলের ডরমিটরিতে থেকে সুযোগ পাচ্ছেন লিগে খেলার। রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে সাবিনা বলেন, ‘আমরা তো অবশ্যই আশাবাদী। সর্বোচ্চ চেষ্টা করব ক্লাবকে শিরোপা পাইয়ে দিতে। তবে আগেই বলেছি, এবারের লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সাবিনা নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বসুন্ধরা কিংসের হয়ে গত তিন লিগে পঞ্চাশের বেশি গোল করেছেন জাতীয় দলের এই অধিনায়ক। ঘরোয়া, আন্তর্জাতিক মিলিয়ে তার গোলসংখ্যা ছাড়িয়ে গেছে তিনশর মাইলফলক। অথচ বসুন্ধরা সরে দাঁড়ানোয় তারই লিগে খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সাবিনা বলেন, ‘শেষ মুহূর্তে আমরা নতুন ক্লাবে যোগ দিই। এখানে জাতীয় দলের একঝাঁক ফুটবলার আছে। তারা সবাই কম-বেশি অভিজ্ঞ। আমার মনে হয় অন্য দলগুলোর চেয়ে টেকনিক্যালি আমরা এগিয়ে থাকব। তবে কোনো ম্যাচই সহজ হবে না। আমাদের পারফর্ম করেই জিততে হবে।’ সাবিনা শনিবার লিগের প্রথম ম্যাচের উদাহরণ টেনে বলেন, ‘আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাবের ম্যাচটা আমি দেখেছি। দেখুন দুটি দলই শিরোপায় চোখ রেখে দল গড়েছে। সেই ম্যাচে আর্মির জয় পাওয়ার অন্যতম কারণ দলটির কোচ হিসেবে আছেন অভিজ্ঞ গোলাম রব্বানী ছোটন স্যার। তা ছাড়া বয়সভিত্তিক জাতীয় দলের বেশ কজন ফুটবলার সেই দলে খেলছে। তারাই গেল তিনবারের রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজকে হারিয়ে দিয়েছে। শুরুর দিনই বোঝা গেছে লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

এদিকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের হস্তক্ষেপে নারী লিগের সময়সূচিতে এসেছে পরিবর্তন। বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা নেই বলে এই লিগ দিনের আলোয় প্রচন্ড তাপপ্রবাহে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। তবে শনিবার লিগের উদ্বোধন করতে এসে ম্যাচ বিকেলে ও সন্ধ্যায় আয়োজনের নির্দেশ দিয়েছেন বাফুফে প্রধান।