সাধারণত মাদরাসা ছাত্ররা দলবেঁধে রাস্তায় দাঁড়ালে বা গাড়ি থামালে মনে হয় যেন অর্থ সংগ্রহ বা দান চাইবেন। তবে এবার গাজীপুরে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। রাস্তা দিয়ে যাওয়া রিকশা-গাড়ি থামিয়ে চালকদের পান করাচ্ছেন শরবত। এমনটিই দেখা গেল গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার বাইতুল হিকমাহ একাডেমিতে।
সরেজমিনে দেখা যায়, মাদরাসার সামনের রাস্তায় ভবনের ছায়ায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মাদরাসা ছাত্ররা। পাশেই গ্লাসে রাখা আছে শরবত। প্রচণ্ড রোদে রাস্তা দিয়ে যাওয়া সব গাড়ির চালকদের দাঁড় করাচ্ছেন তারা। চালকদের হাতে তুলে দিচ্ছেন শরবতের গ্লাস। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ যে গাড়িই যাচ্ছে সেই চালকদের দেওয়া হচ্ছে শরবত।
এ বিষয়ে মাদরাসাটির অধ্যক্ষ যুবায়ের আহমাদের সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের। তিনি জানান, মাদরাসা ছাত্ররা সাধারণত রাস্তায় দাঁড়ালে মানুষ মনে করে হয়তো সাহায্য চাইবে। তবে আমাদের ছেলেরা প্রচণ্ড গরমে মানুষকে শরবত পান করাতে রাস্তায় দাঁড়িয়েছে। বাইতুল হিকমাহ একাডেমিতে এখন ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আর্থিক দান-অনুদান চাওয়া নিষেধ।