মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গ্রেপ্তার বেড়ে ৯০০, শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান হোয়াইট হাউসের

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থীদের টানা বিক্ষোভ চলছে। দ্রুত ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের নজিরবিহীন এই বিক্ষোভ। গণহারে আটক করা হচ্ছে শিক্ষার্থীদের।

গত ১৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ৯০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের ক্যাম্প জোরপূর্বক উঠিয়ে দিয়েছে পুলিশ।

বার্তাসংস্থা এপির বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র শনিবার, বোস্টন বিশ্ববিদ্যালয়, ফিনিক্সের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ থেকে প্রায় ২৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইনকে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে শনিবার গ্রেপ্তার করা হয়। ক্যাম্পাসে ক্যাম্প স্থাপন করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সেখানে গিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের আগে রেকর্ড করা একটি ভিডিওতে তিনি বলেন, তিনি ছাত্রদের সমর্থনে এবং সংবিধানে দেওয়া বাকস্বাধীনতা রক্ষার পক্ষে দাঁড়িয়েছেন।

বিক্ষোভকারীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার দাবি করছেন। সিএনএন জানায়, মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ থামার সামান্য লক্ষণ দেখা যাচ্ছে না। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল রোববার এ আহ্বান জানানো হয়।

মূলত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন মার্কিন শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার দাবি করছেন বিক্ষোভকারীরা।