রুশ বিরোধী নেতা নাভালনিকে হত্যার নির্দেশ দেননি পুতিন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম

কারাগারে বন্দি থাকা রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে হত্যার পরিকল্পনার পেছনে পুতিনের সংশ্লিষ্টতা পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এমনটাই জানিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

নাভালনির মৃত্যুর বিষয়ে অবগত এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনকে উদ্ধৃত করে শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয় যে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নাভালনির হত্যায় রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাবত কোনো নির্দেশনা দেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, নাভালনির হত্যাকাণ্ডের অনুসন্ধান প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা বাহিনীর মধ্যে ব্যাপকভাবে গৃহিত হয়েছে। যার মধ্যে রয়েছে- কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস এবং স্টেট ডিপার্টমেন্টের গোয়েন্দা ইউনিট।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন নাভালনির মৃত্যু সম্পর্কে অবগত ছিলেন বা তাকে হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন এমন কোন তথ্য খুঁজে পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন বিশ্বাস করে নাভালনিকে হত্যার দায় এড়াতে পারে না পুতিন এবং শেষ পর্যন্ত পুতিনই নাভালনির মৃত্যুর জন্য দায়ী। কারণ জেলে থাকাকালীন নাভালনির অবস্থা ছিল শোচনীয়। এছাড়া ২০২০ সালে নার্ভ এজেন্টের মাধ্যমে তাকে বিষয়ে প্রয়োগ করে হত্যা চেষ্টাও করা হয়।

৪৭ বছর বয়সী নাভালনি ছিলেন রাশিয়ার একজন জনপ্রিয় বিরোধী নেতা। যিনি পুতিনের কঠোর সমালোচনা করতেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থার তার মৃত্যু হয়। চরমপন্থার অভিযোগে তাকে ১৯ বছরের কারাদাণ্ড দেওয়া হয়। যদিও তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখান করেন।

নাভালনির মৃত্যুর পর রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেন সবাই। এমনকি এই হত্যার পেছনে পুতিনই দায়ী বলে অভিযোগ করেন পশ্চিমা নেতারা। যদিও এসব অভিযোগ অস্বীকার করে রাশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত