যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে কয়েক ডজন টর্নেডো আঘাত হেনেছে। টর্নেডো তাণ্ডবে সেখানে চার মাস বয়সী এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এছাড়া টর্নেডোর তাণ্ডবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকে আহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। খবর বিবিসি।
গত শুক্রবার থেকে শুরু হওয়া আলাদা আলাদা টর্নেডো ও ঝড়ের কারণে দেশটির মধ্যাঞ্চলে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
প্রাকৃতিক এই দুর্যোগে ওকলাহোমা অঙ্গরাজ্যেই চার ব্যক্তি নিহত হয়েছেন। সেখানকার বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আলাদা আরেকটি ঝড়ের আঘাতে আইওয়াতে আরেকজন ব্যক্তি মারা গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, গত শনিবার আঘাত হানা কিছু টর্নেডোয় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৮ কিলোমিটারের বেশি। টেক্সাস থেকে মিজৌরি পর্যন্ত আঘাত হানা ঝড়ে কোথাও কোথায় ঘণ্টায় সাত ইঞ্চি (১৮ সেন্টিমিটার) পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিবিসি জানিয়েছে, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওকলাহোমার সালফার শহরটি। সেখানকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উল্টো গেছে অনেক গাড়ি। ওকলাহোমা অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই দুর্যোগে প্রায় ১০০ ব্যক্তির আহত হয়েছেন।
এছাড়া হোল্ডেনভিল এবং মেরিয়েটা শহরগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ওকলাহোমা স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার চার্লস ম্যাককল।