বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল বানাচ্ছে দুবাই

  • নতুন এ টার্মিনালের নির্মাণে খরচ হচ্ছে ৩ হাজার ৫০০ কোটি ডলার
  • এটি হবে পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বিশ্বের সর্ববৃহ বিমাবন্দর
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পিএম

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছে দুবাই। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের বড় এবং বেশি মানুষ ধারণ ক্ষমতা সম্পন্ন বিমানবন্দর টার্মিনাল।

স্থানীয় সময় গতকাল রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এ টার্মিনালের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন। এটি নির্মাণে খরচ হচ্ছে ৩ হাজার ৫০০ কোটি ডলার।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

তিনি বলেন, নতুন এই বিমানবন্দরটি দিয়ে বছরে ২৬ কোটির বেশি যাত্রী চলাচল করতে পারবে।

এছাড়া আগামী বছরগুলোতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে বলেও জানান শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রশিদ আল-মাকতুম বলেন, যেহেতু দুবাই বিমানবন্দরের চারপাশে সম্পূর্ণ শহর তৈরি করা হয়, তাই এই বিমানবন্দরকে কেন্দ্র করেও একটি শহর তৈরি করা হবে। যেখানে অন্তত ১০ লাখ মানুষের আবাসন চাহিদা পূরণ হবে। এছাড়া বিমানবন্দর সংশ্লিষ্ট সব সংস্থা ছাড়াও বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অফিস তৈরি করা হবে।

এই বিমানবন্দরের অবস্থান দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণ-পশ্চিমে বিশাল এলাকাজুড়ে। এই বিমানবন্দর হবে পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। ভবিষ্যতে বিশ্বের সর্ববৃহৎ ও ব্যস্ততম বিমাবন্দরের রূপ নেবে।

২০১০ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়। ৫টি রানওয়ে ও ৪০০টি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে এখানে। দুবাইয়ের স্বনামধন্য এমিরেটাস এয়ারলাইনসের কার্যক্রম চলবে এখান থেকে।

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে।

টানা ১০ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছেন, যা করোনা মহামারির আগের মতোই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত