বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে ৭ জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সকল বিরোধীদল প্রত্যাখান করেছে। জনগণের ভোট চুরি করে আপনারা ক্ষমতায় বসে আছেন। তাই জনগণ আপনাদের চায় না।
আজ সোমবার দুপুরে ফকিরাপুল পানির ট্যাংক রোডের সামনে ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রহসন করছেন। জাতীয় নির্বাচনে দলীয় বিদ্রোহ প্রার্থীদের উম্মুক্ত করেও ভোটার উপস্থিতি করতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে মাঠে বেশি প্রার্থী দিয়ে ভোটার আনতে পরিকল্পনা করেছিলো সরকার। কিন্তু সরকারের এ ফর্মূলায় কাজে আসছে না। উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে। আপনি (প্রধানমন্ত্রী) এ নির্বাচনকে জ্বালায় পরিণত করেছেন।
সালাম বলেন, সরকারের ব্যর্থতার জন্য আজকে এই তীব্র তাপদাহ। অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করছে। তাপবিদ্যুৎয়ের নামে কয়লা পুড়ছে, পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য শিল্পকারখানার নামে পরিবেশ ধ্বংস করছে। সরকার সুন্দরবনকে ধ্বংস করছে। এরা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।
তিনি বলেন, লুটপাট করে সবকিছু শেষ করে দিয়েছে এই সরকার। ব্যাংকগুলো গিলে খেয়ে ফেলছে। কাদের হাতে ব্যাংক তুলে দিয়েছিলেন। আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ করেছে। কেন করেছে। কারা ব্যাংক লুট করেছে? কারা ব্যাংকগুলো গিলে ফেলছে তা যেন প্রকাশ না পায় সেজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, কথায় কথায় বলেন বিএনপি নাকি উন্নয়ন দেখে না। উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের। উন্নয়ন হচ্ছে মুজিব কোটের পকেটে। কথায় কথায় বলেন বিএনপি নাকি পাকিস্তান পাকিস্তান করে। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনাদের (সরকার) সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাখেন। বাংলাদেশের মানুষ এই সার্টিফিকেট চায় না। আমরা দেখতে চাই জনগণ আপনাদের সার্টিফিকেট দিয়েছে কিনা? আজকে এলপি গ্যাস আমদানির জন্য দেশের গ্যাস উত্তোলন করেন নাই। আজকে লুটের টাকা নিজেরা আর মামুরা ভাগাভাগি করে নেবেন। এই হচ্ছে দেশের অবস্থা।
আয়োজক ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী রানীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদ আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ। আরো ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইউনুস মৃধা, আব্দুস সাত্তার, সদস্য অ্যাডভোকেট ফারুকজ্জামান, বিএনপি তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেনসহ মতিঝিল থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।