সুনীতার জনপ্রিয়তায় বিজেপি কি ভীত?

কখনো হুডখোলা গাড়ি, কখনো পায়ে হেঁটে, কখনো দলীয় কর্মীর মোটরসাইকেলে বসে হাতজোড় করে ভোট চাওয়া। সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারতের দিল্লির কারাবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার এই রুটিন দেখলে তাকেই ভোটপ্রার্থী ভাবতে পারেন কেউ। অবশ্য দিল্লির এ প্রান্ত থেকে ওপ্রান্ত ছোটার মাঝখানে আধঘণ্টা বিরতি নেন তিনি।

লোকসভা নির্বাচনকালীন দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড় জেলেই থাকতে হচ্ছে, এ কারণে তার দল আম আদমি পার্টির (আপ) প্রার্থীদের সমর্থনে দৌড়াচ্ছেন সুনীতাই। বিষয়টি স্বভাবতই উৎসাহ জোগাচ্ছে আপ নেতা-কর্মী সমর্থকদের মনে। দলের নেতা যখন জেলে, ঠিক সেই সময়েই ফিনিক্স পাখির মতো উঠে এসেছেন সুনীতা কেজরিওয়াল।

এখন কল্যাণপুরী, কালকাজি, গ্রেটার কৈলাশসহ দিল্লির বিভিন্ন মহল্লায় সুনীতা পা রাখামাত্রই শোনা যাচ্ছে লাউড স্পিকারে স্লোগান, ‘জেলের তালা ভাঙবো, কেজরিওয়ালকে বের করে আনব’। সুনীতার প্রতি আমজনতার উচ্ছ্বাস দেখার পরে আশার সুর শোনা যাচ্ছে আপ নেতা-কর্মীদের কণ্ঠেও।

তবে আপ শিবির চিন্তিত তাদের প্রচার সঙ্গীত নিয়ে। জেলের ভেতরে কেজরিওয়াল, এই ছবিসহ দলটি তাদের থিম সং বানায়, যার প্রথম লাইন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে বিজেপি।

গানটিতে বলা হয়েছে ‘জেলের উত্তর ভোট’। এই থিম সং কেন পাল্টানো হবে না, তার ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশন নোটিস জারি করেছে। এরপরেই গর্জে উঠেছে আপ শিবির। দলের নেত্রী অতিশির অভিযোগ, বিজেপির অভিযোগ শুনে তাদের থিম সং নিষিদ্ধের পরিকল্পনা করছে ইসি।

তবে চুপ করে বসে নেই বিজেপিও। দিল্লির বিভিন্ন প্রান্তে চোখে পড়ছে গেরুয়া পোস্টার, যেখানে সুনীতাকে দিল্লির রাবড়ি দেবী বলে উল্লেখ করা হয়েছে। সিভিল লাইন্সে কেজরিওয়ালের বাসভবনের বাইরে গেরুয়া পোস্টারে লেখা হয়েছে, শিসমহল দুর্নীতির আখড়া মুখ্যমন্ত্রীর বাসভবন।

এর আগে কেজরিওয়ালের বাড়ি সংস্কারে ৪৫ কোটি রুপি খরচের অভিযোগে বিতর্ক তুঙ্গে উঠেছিল। আপ শিবিরের অভিযোগ, সুনীতার জনপ্রিয়তায় ভয় পেয়ে দিল্লিবাসীকে বিভ্রান্ত করার জন্যই এমন পোস্টার দিয়েছে বিজেপি।