থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রবিবার (২৮ এপ্রিল) তিনি দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্প্রতি থাই সরকারের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অনুমোদনও দিয়েছেন দেশটির রাজা। তবে এতে পার্নপ্রিকে শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়। যদিও এতদিন তিনি দেশের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রির পদত্যাগপত্র পেয়েছেন। তবে তার পদত্যাগের কারণে দেশের পররাষ্ট্র সম্পর্কিত কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়বে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করবে বলে জানা গেছে। যদিও পদত্যাগের বিষয়ে এখনো পার্নপ্রির মন্তব্য পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করায় তিনি পদত্যাগ করেছেন। যদিও গাজায় হামাসের হাতে বন্দি কয়েক ডজন থাই নাগরিককে মুক্তি দিতে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি।
চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে যুবকের নাচ