পাকিস্তান

নওয়াজ শরিফের বেয়াইকে উপ-প্রধানমন্ত্রী করা ‘পূর্বপরিকল্পিত’

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির ৭৩ বছর বয়সী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল রবিবার (২৮ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে নিয়োগ দিয়েছেন। 

নিয়োগটি এমন সময় দেওয়া হলো যখন প্রধানমন্ত্রী শেহবাজ এবং ইসকার দার উভয়েই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় যোগ দিতে সৌদি আরবে রয়েছেন।

৭৩ বছর বয়সী ইসহাক দার এর আগে ১৭ মাস প্রধানমন্ত্রী শেহবাজের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন। মূলত তার নেতৃত্বেই দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে জরুরি ঋণ পায় পাকিস্তান। তবে বিপর্যস্ত পাকিস্তান এখনো সেই অর্থনৈতিক সংকটে কাটিয়ে উঠতে পারেনি।

পিটিআই বলছে, শরিফরা পরিবারের মধ্যে পদ বিতরণ করছেন

ইসহাক দারের আমলেই প্রথমবারের মতো পাকিস্তানের ব্যাংক সুদের হার ২২ শতংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ হয়। এ সময় জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করা হয়, ফলে সাধারণ জনগণের ওপর চাপ বাড়ে। ইসহাক দার অবশ্য এর জবাবও দিয়েছেন বিভিন্ন সময়। বলেছেন, আইএমএফের নির্দেশনা অনুযায়ী এসব পদক্ষেপ নিতে হয়েছিল। যদি এসব পদক্ষেপ না নেওয়া হত, তাহলে ঋণপ্রবাহ বন্ধ হয়ে যেত।

পিএমএল-এনের সাবেক চেয়ারম্যান ও পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বেয়াই তিনি। তার বড় ছেলে আলী দারের স্ত্রী আসমা নওয়াজ শরিফ। ইসহাক দার অনেকদিন ধরেই ক্ষমতাসীন শরিফ পরিবারের অংশ।