সালাউদ্দিনের ক্ষোভে 'নেতিবাচক' কিছু দেখছেন না কাবরেরা

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই লেগেই হেরেছে বাংলাদেশ। এই হারের পর হাভিয়ের কাবরেরার কৌশলকে কাঠগড়ায় তুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এমনকি এই স্প্যানিয়ার্ডকে চাকরিচ্যুতের হুমকিও দিয়েছিলেন বাফুফে বস। বলেছিলেন, 'আমি মনে করি টিম ম্যানেজমেন্টের অনেক টেকনিক্যাল ভুল ছিল।' 

কাবরেরা অবশ্য এটাকে নেতিবাচক হিসেবে নিচ্ছেন না। আজ এক সংবাদ সম্মেলেন স্প্যানিশ কোচ বলেছেন, 'ফেডারেশনের সভাপতি হিসেবে যে কোন কিছু বলার অধিকার তার আছে। সভাপতি হিসেবে দলের কাছে এবং আমার কাছে তাঁর কিছু চাওয়া থাকবেই। তার অধিকার আছে যে কোন পরামর্শ কিংবা দিক নির্দেশনা দেওয়ার। আমাদের মধ্যে কথা হয়েছে। সভাপতির কথা আমি শুনেছি, তিনিও আমার কথা শুনেছেন। এখানে নেতিবাচক কিছু ছিলো না। আমরা ভুলগুলো থেকে শিখছি। আমরা যে আগের চেয়ে ভালো দল এটা তো সবাইকেই স্বীকার করতে হবে।'

মার্চ উইন্ডোতে বাংলাদেশ সৌদি আরবে দুই সপ্তাহের ট্রেনিং করেছিল। জুন উইন্ডোতে অবশ্য বাংলাদেশের তেমন বড় অনুশীলনের সুযোগ নেই। এই প্রসঙ্গে কোচ বলেন,‘আমরা মার্চ অনেক দিন এক সঙ্গে ছিলাম। এই উইন্ডোতে বেশি সময় না পেলেও সমস্যা হবে না।’

 
৬ জুন হোমে অস্ট্রেলিয়া,১১ জুন কাতারে লেবাননের বিপক্ষে দুই ম্যাচের জন্য কোচ ২৬ জন খেলোয়াড় ডাকতে চান। এই ব্যাপারে কোচ বলেন,‘আমাদের এই উইন্ডো খুব সংক্ষিপ্ত। তাই ২৬ জন খেলোয়াড় ডাকার পরিকল্পনা রয়েছে। এখনো লিগের ৫ রাউন্ড বাকি রয়েছে। খেলোয়াড়রা পর্যবেক্ষণে রয়েছে।’