পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি খালে পাওয়া ‘টর্পেডো’ নামে অস্ত্রসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে নৌবাহিনী। আজ সোমবার (২৯ এপ্রিল) উপজেলার মৌডুবি ইউনিয়নের মরীকান্দা গ্রামের ভাঙা খাল থেকে টর্পেডোটি উদ্ধার করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নৌবাহিনী এটিকে (টর্পেডো) উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শেরে-ই-বাংলা নৌঘাঁটিতে নিয়ে গেছে। এটি মূলত অনুশীলন কাজে ব্যবহৃত। সুতরাং ক্ষতিকারক কিছু নয় বলে উদ্ধারকারীদের ভাষ্য।’
ওসি আরও বলেন, ‘এটি বাংলাদেশের নয়। তবে কোন দেশের তা এখনও জানা যায়নি।’
টর্পেডোটির কার্য ক্ষমতা আছে কিনা জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, ‘কার্যকারিতা আছে। কিন্তু এটা অনুশীলনের জন্য। ক্ষতিকারক নয়।’
উল্লেখ্য, পানির তলদেশ থেকে যুদ্ধ জাহাজ বিধ্বংসী যুদ্ধাস্ত্র ‘টর্পেডো’। গতকাল রবিবার সকালে ভাসমান অবস্থায় রাঙ্গাবালীর মৌডুবি ইউনিয়নের ভাঙা খালে এমন একটি টর্পেডো সদৃশ বস্তু দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়রা বিষয়টি জানালে প্রথমে রাঙ্গাবালী থানা পুলিশ এবং পরে কোস্টগার্ড পৌঁছায় সেখানে। কোস্টগার্ড নিশ্চিত করে এটি টর্পেডো। খবর পেয়ে নৌবাহিনী এসে সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে ভাটায় খালে পানি কমে যাওয়ায় রাতে সেটি উদ্ধার করা যায়নি। পরে সোমবার সকালে টর্পেডোটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।