কিছুদিন আগেই মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন সংগীততারকা আসিফ আকবর। নতুন কিছু গানের রেকর্ডিং করতেই তার এই মুম্বাই যাত্রা। অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের স্টুডিওতে গানে কন্ঠ দেন আসিফ। সোশ্যালে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটা নিজেই জানান গায়ক।
এবার জানালেন তিনি যশরাজ ফিল্মসের স্টুডিওতে গিয়েছেন এবং সেখানে তিনি নতুন গানের রেকর্ডিং করেন। কিছু ছবি সোশ্যালে শেয়ার করেন যেখানে তাকে দেখা যাচ্ছে যশরাজ ফিল্মস স্টুডিওতে। তিনি লিখেন, আজকে রেকর্ডিং ছিল বিখ্যাত যশরাজ স্টুডিওতে। এ আর রেহমান স্যারের স্টুডিও দেখে এবং সেখানে কাজ করার সুযোগ পেয়ে মন ভাল হয়ে গিয়েছিল। যশরাজ স্টুডিওতে কাজ করে মনে হচ্ছিলো সমূদ্রের মধ্যে আমি সামান্য ডিঙ্গি নৌকার মত ভেসে আছি।
তিনি আরও লিখেন, অনেক কথা লিখতে ইচ্ছে হচ্ছে, পারছিনা, কাজের পরিবেশ আর পেশাদারীত্ব দেখে ইমোশনাল হয়ে গেছি। এই ঘোর কাটতে সময় লাগবে। শুধু এটুকু বলতে পারি - আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়া ব্যর্থ হয়নি, ব্যর্থ হতে দিবোনা যতদিন সুস্থ্য থাকি। ভালোবাসা অবিরাম।