কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতায় রুল জারি

কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। মরদেহ ও কঙ্কাল চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং কবরস্থানগুলোর তদারকি করতে নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, ধর্মসচিব, স্থানীয় সরকারসচিব ও সব সিটি করপোরেশনসহ ২৫ সংশ্লিষ্ট জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মওসুস’এর পক্ষে গত ১৪ মার্চ রিট আবেদনটি করা হয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।