মাদ্রিদ ওপেনে শেষবারের মতো মাঠে নেমেছিলেন রাফায়েল নাদাল। তবে বিদায় লগ্নটা জয় দিয়ে রাঙাতে পারলেন না। হার নিয়ে ফিরতে হলো তাকে। তবে খেলা শেষে ‘আবেগপ্রবণ’ হয়ে পড়েছিলেন তিনি। নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন ভক্ত ও সতীর্থদের। বলেছেন, সপ্তাহটা ছিল ‘খুব আবেগময়’।
মাদ্রিদে ওপেনে নিজের শেষ লড়াইয়ে জিরি লেহেকার কাছে স্ট্রেট সেটে হেরে আবেগঘন এক বিদায় নিলেন ৩৭ বছর বয়সী নাদাল। ৭-৫, ৬-৪ গেমে হারের পর নাদাল চলতি বছরেই অবসরের পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।
শেষে বলেছেন, ‘আমি খুশি। এটা আমার জন্য খুব বিশেষ একটা সপ্তাহ ছিল, খুব ইতিবাচক এবং খুব আবেগময়। এই কোর্টে আরও একবার খেলার সুযোগ পেয়েছি বলে। আমি শুধু এটুকুই বলতে পারি, আমার ক্যারিয়ারে যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে আমার লড়াইটা এখনও শেষ হয়নি।’
হারলেও টুর্নামেন্টে নাদালের আগের সাফল্য ভিডিও ট্রিবিউটের মাধ্যমে উদযাপন করা হয় এবং তাকে একটি স্মারক ট্রফি প্রদান করা হয়। তবে নাদাল এই কোর্টে আবারও ফিরবেন জানিয়ে বলেন, ‘এটা আসলে মজা করেছে দেওয়া হয়েছে। কারণ আমি তো আগামী বছর আবার ফিরে আসব। আমাকে এখানে যা দেওয়া হয়েছে তা একটি উপহার।’
নাদাল যোগ করেন, ‘আমি ছোটোবেলা থেকে ভাগ্যবান। কারণ আমি যা ভালোবাসি তা আমি করতে পেরেছি। আমি যে জীবন কাটিয়েছি, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আর মাদ্রিদের এই অভিজ্ঞতা থেকে আবেগ পেয়েছি, স্প্যানিশ জনগণের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আমি আর বেশি কিছু চাইতে পারি না এই জীবনে।’
এই মাসের শুরুতে বার্সেলোনা ওপেন দিয়ে তিন মাসের ইনজুরি থেকে ফিরে আসেন নাদাল। মাদ্রিদ ওপেন থেকে নিজেকে ঝালিয়ে নিতে চান তিনি, কারণ শেষ বারের মতো ফ্রেঞ্চ ওপেনে অংশ নেওয়ার জন্য। রোলাঁ গারোয় ১৪ বারের চ্যাম্পিয়ন ২০২৩ সালে ইনজুরির কারণে ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো টুর্নামেন্টটি মিস করেন। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে ২৬ মে।