ঘুড়ির সুতায় আটকে মগডালে ঝুলে ছিল পাখি, ফায়ার সার্ভিস এসে করল উদ্ধার

প্রায় পাঁচ ঘণ্টা ঝুলে থাকার পর ঘুড়ির সুতায় গাছের ডালে আটকে থাকা একটি পাখিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের কাচারী বাজার এলাকায় রেন্ট্রি গাছ থেকে পাখিটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখিটি ঈগল পাখি বলে নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাছিম রেজা নিলু। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকে জেলা শহরের কাচারী বাজার সংলগ্ন জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে রেন্ট্রি গাছে ঘুড়ির সুতায় পাখিটিকে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঝুলে থাকা পাখিটিকে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে জীবিত উদ্ধার করা হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাছিম রেজা নিলু বলেন, প্রাণ তো প্রাণই। সেটা মানুষের হোক বা প্রাণীর হোক। আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই একটি ইউনিট দ্রুত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। পাখিটি দীর্ঘ সময় আটকে থাকায় দুর্বল হয়ে পড়েছে। পরে পাখিটিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহ্ফুজার রহমান বলেন, তীব্র দাবদাহে মানুষের পাশাপাশি ভালো নেই  প্রাণিকুল। একটু ছায়া ও আরামদায়ক জায়গার খোঁজে ছুটে চলছে। পাখিটি গাছের মগডালে বসেছিল, কিন্তু ঘুড়ির সুতায় আটকে যায়। ফারার সার্ভিসের কর্মীরা এটিকে উদ্ধার করেছে। আসলে আমাদের জীববৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই।