আগামী মৌসুমে দেশের ঘরোয়া ফুটবল কেমন হবে নির্ধারণে আজ সভায় বসেছিল বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। সভায় সিদ্ধান্ত হয়েছে 'কোটি টাকার সুপার কাপ' আবার আয়োজনের।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রথমবার নির্বাচিত হয়ে আয়োজন করেছিলেন কোটি টাকার প্রাইজমানির সুপার কাপ। ২০০৯ সালে হওয়া প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
ফাইনালে মোহামেডান হারিয়েছিল আবাহনীকে। ২০১১ সালে দ্বিতীয় আয়োজনের ফাইনালে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী।
সুপারকাপ তৃতীয় ও শেষবার হয়েছিল ২০১৩ সালে। ওই আসরের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। তারপর এতো দিনে এ টুর্নামেন্ট আর আয়োজন করতে পারেনি বাফুফে।
লিগ কমিটির দায়িত্ব নিয়ে আবারও সেই কোটি টাকার সুপার কাপ ফেরানোর কথা জানালেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘আগামী বছর বাফুফে ক্যালেন্ডারে আমরা সুপার কাপের জন্য জায়গা রেখেছি। আগামী বছর লিগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করবো। ’
সুপার কাপে কয়টি দল খেলবে তা এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘সুপার কাপে কয়টি দল খেলবে তা এখনো নিশ্চিত না। তবে আমরা প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছি প্রিমিয়ার লিগের সেরা চার দল সুপার কাপে খেলবে।’
এছাড়া প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়ের বদলি হিসেবে বিদেশি খেলোয়াড় নামানোর নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।