অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি প্রকল্পের কাজ না করে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (১ মে) বিকেলে দুদকের জামালপুর সমম্বিত কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল (৬০), একই ইউনিয়নের ইউপি সদস্য ময়না মিয়া, রবিউল ইসলাম, আতিকুর রহমান দুলাল, নারী ইউপি সদস্য জাহানারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান ও সাবেক সরিষাবাড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।

মামলায় তাদের বিরুদ্ধে উপজেলার ভাটারা ইউনিয়নে ১৫ টি প্রকল্পের কোন কাজ না করে শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে সরকারি ৬৫ লাখ ৮২ হাজার ২৩  টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ১৯৪৭ এর ৫ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ভাটারা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি (ইজিপিপি) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ১৫ টি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা বরাদ্দ দেন। ১৫ টি প্রকল্পের বরাদ্দের অর্থ দ্বারা কোন কাজ না করে নির্ধারিত শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে সরকারি ৬৫ লাখ ৮২ হাজার ২৩  টাকা আত্মসাৎ করে। তদন্তে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের বিষয়টি প্রমানিত হওয়ায় ২৮ এপ্রিল দুদকের জামালপুর সমম্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বাদি হয়ে জামালপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন।

দুদক জমালপুর সমম্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা বলেন, দুদকের তদন্তে সরকারি প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের বিষয়টি প্রমানিত হওয়ায় চেয়ারম্যান বাদলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।