রাজধানীর মিরপুরে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠান ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ অভিযান চালাচ্ছে ডিবি। বুধবার (১ মে) রাত ৮টার দিকে পাইকপাড়ার ওই প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে আটক করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মিল্টন সমাদ্দারকে আটক করা হয়েছে। পরে তিনি মিল্টন সমাদ্দারের আটকের বিষয়ে জরুরি প্রেস ব্রিফিং করেছেন।
সম্প্রতি মানবিক মুখোশের আড়ালে মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মতো অপকর্মের অভিযোগ ওঠে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।
সোশ্যাল মিডিয়ায় মিল্টন সমাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা। অসহায়-দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি।
জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি-বেসরকারি নানা পুরস্কারও। তবে অভিযোগ রয়েছে, মিল্টন সমাদ্দার যতটুকু ভালো কাজ করেছেন, প্রচার করেছেন তার চেয়েও কয়েকগুণ বেশি।