পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে ডর্টমুন্ডের

বলে দখল, আক্রমণ আর চাপ সৃষ্টি। সবই করতে পেরেছে পিএসজি। ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রণও ছিল তাদের পায়ে। শুধু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে কাঙ্খিত গোলটাই পায়নি তারা।

নিকলাস ফুলক্রুগ ভাগ্যের সহায়তা ও রক্ষণের দৃঢ়তায় প্রথমার্ধে দেওয়া একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ডর্টমুন্ড।

সিগনাল ইদুনা পার্কের ম্যাচটিতে প্রথমার্ধে তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি পিএসজি।

ডর্টমুন্ড তাদের জয়সূচক গোলটি পায় ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে নিকো শ্লটারবেক লম্বা করে বল বাড়ালে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন ফুলক্রুগ। এরপর বাঁ পায়ের শটে বল জালে পাঠান এই জার্মান ফরোয়ার্ড।

শেষ দিকে পিএসজি গোলের জন্য মরিয়া প্রচেষ্টা চালালেও ডর্টমুন্ড রক্ষণে বাড়তি মনোযোগ দিয়ে সেটি রুখে দেয়। মাঠ ছাড়ে সেমিফাইনাল লড়াইয়ে এগিয়ে থেকেই। প্যারিসে দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার।