ভারতের বিশ্বকাপ দল নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ শ্রীকান্তের, বললেন ‘রাবিশ সিলেকশন’

ভারতীয় ক্রিকেট দলের পাইপলাইন এতটাই মজবুত যে, খোদ নির্বাচকরাও দ্বিধায় পড়ে যান। কাকে রেখে দলে নেবেন, সেটা ভেবে পান না। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় বলতে গেলে চমক কিছু নেই। তবুও ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ অনেকের পছন্দের ক্রিকেটার জায়গা পাননি এই দলে। তাদের মধ্যে লোকেশ রাহুল অন্যতম। এই দল নিয়ে তাই হয়েছে অনেক সমালোচনাও।

এবার বিসিসিআইয়ের বিরুদ্ধে বেশ বড় অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার দাবি– ভারতের বিশ্বকাপ দলে স্বজনপ্রীতি হয়েছে! বিশেষ করে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া রুতুরাজ গায়কোয়াড়ের বাদ পড়া ও গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিলকে রিজার্ভ দলে রাখার বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি।

এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মতামত জানিয়েছেন শ্রীকান্ত। সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেন, ‘এখানে কোনো সন্দেহ নেই যে রুতুরাজ গায়কোয়াড় বিশ্বকাপ দলে থাকাটা প্রাপ্য। সে ১৭ টি-টোয়েন্টিতে ৫০০–এর বেশি রান করেছে, এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার একটি সেঞ্চুরি আছে। অন্যদিকে, শুবমান গিল ফর্মের বাইরে, কিন্তু কেন সে ভারতীয় টিমে নির্বাচিত হয়েছে? কারণ সে নির্বাচকদের পছন্দের। সে ব্যর্থ হলেও দলে জায়গা পেয়ে যায়। স্বজনপ্রীতির কারণে সে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খারাপ করলেও দলে সুযোগ পায়। এখানে নির্বাচকদের মাঝে মাত্রাতিরিক্ত স্বজনপ্রীতি রয়েছে।’

ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স গ্রাফ থাকা রিঙ্কু সিংয়েরও। বিষয়টিকে ‘রাবিশ সিলেকশন’ বলে উল্লেখ করেছেন শ্রীকান্ত। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে রিঙ্কুর আগ্রাসী ব্যাটিংয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সাবেক এই ভারতীয় ক্রিকেটারের দাবি— দলে জায়গা পাওয়ার জন্য যোগ্যদের বাদ দিয়ে, নিজেদের তুষ্ট রাখতে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা!

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদিপ সিং, জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ ক্রিকেটার

শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেশ খান।