বাংলাদেশকে এবারের আইপিএলে শুধু মোস্তাফিজুর রহমানই প্রতিনিধিত্ব করেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন কাটার মাস্টার। মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ায় যেন বদলে গিয়েছিলেন তিনি। তারপরও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস বলেছিলেন আইপিএল থেকে ফিজের শেখার কিছু নেই।
তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে অন্য সুর শোনা গেল। তার দাবি, ফিজের আইপিএল অভিজ্ঞতার সুফল বাংলাদেশ পাবে বিশ্বকাপে।
চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই, (ফিজের আইপিএল অভিজ্ঞতা) অনেক কাজে দেবে। যে পরিবেশে ও খেললো, অনেক বড় টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায়।’
শান্ত যোগ করেছেন, ‘ওখানে আরও বড় বড় ব্যাটারদের বল করেছে, সবচেয়ে ভালো কথা ভালো উইকেটে ভালো বোলিং করেছে। ওই আত্মবিশ্বাস নিয়ে আসবে। এখানেও একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে। মুস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
এদিকে মোস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা নিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘১০০ পারসেন্ট। আইপিএল অন্যতম বড় লিগ। আলহামদুলিল্লাহ সেখানে খেলতে পেরেছি। যে-ই আইপিএল খেলুক, সেখানকার অভিজ্ঞতা, শিক্ষা, আত্মবিশ্বাস অবশ্যই জাতীয় দলে কাজে লাগবে। এমনকি যে শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, আইপিএলের অভিজ্ঞতা তারও কাজে লাগবে। তাই আমি নিশ্চিত ফিজ ভাইকে আইপিএলের অভিজ্ঞতা জাতীয় দলে ভালো খেলতে সাহায্য করবে।’