প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে দেওয়া বক্তব্যে ইতিমধ্যে মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েকটি বিচ্ছিন্ন হামলার ঘটনাও ঘটেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিংগাইর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও পলাশ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচের প্রার্থী মো. সায়েদুল ইসলাম ও আনারস প্রতীকের প্রার্থী হাজি আব্দুল মাজেদ খান একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচনকালীন দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শরিফুল ইসলাম এবং ওসি মো. জিয়ারুল ইসলাম।
প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী হাজি আব্দুল মাজেদ খান, মো. সায়েদুল ইসলাম ও আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রমিজ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা, মো. তোফাজ্জেল হোসেন তোফাজ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোসা. আনোয়ারা খাতুন।