ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে বাড়ি ফেরা হলো না তরুণ ফজলে রাব্বির। ঘরে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজি যাত্রী মো. ফজলে রাব্বী।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক আব্দুর হোসেন (৩৫)। তিনি বর্তমানে সাভারের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফজলে রাব্বি (২৪) ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠী গ্রামের ইউসুফ আলীর ছেলে। আহত সিএনজি চালক রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাভারের হরিণধারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় বাসিন্দা শেখ সুরুজ মিয়া ও মুদি দোকানদার সাইফুল ইসলাম জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান, একটি সিএনজি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, সিএনজির যাত্রী ফজলে রাব্বিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি প্রাইভেট কার পেছন দিক থেকে সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে।
রোমানিয়ায় আছড়ে পড়ল রাশিয়ার ড্রোন