দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত। গতকালের অধিবেশনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হাইয়ের মৃত্যুতে আনা শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের এমপিরা বক্তব্য রাখেন। পরে সংসদের বৈঠক রবিবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আবদুল হাইয়ের মতো ত্যাগী নেতা আওয়ামী লীগে ছিল বলেই দেশের উন্নয়নে সফলতা আনা সম্ভব হয়েছে। এ সময় তিনি প্রয়াত সংসদ সদস্যের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে রাজবাড়ী-২ আসনের সদস্য রেলমন্ত্রী জিল্লুল হাকিম, টাঙ্গাইল-১ আসনের সদস্য ড. আবদুর রাজ্জাক, খুলনা-৩ আসনের সদস্য এসএম কামাল হোসেন, যশোর-২ আসনের সদস্য মো. তৌফিকুজ্জামান, যশোর-৩ আসনের সদস্য কাজী নাবিল আহমেদ এবং স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বক্তব্য দেন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক : গতকাল সংসদ অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন।
এ ছাড়া বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা জিএম কাদের, আবুল হাসানাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন।