গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু গরম তেমন একটা কমেনি। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৩ ডিগ্রি সেলয়াস। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার (৩ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা আজ সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় আজ ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮৭ শতাংশ। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।