পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের যান চলাচল বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের দুই কিলোমিটার এলাকায় পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়ে বাঘাইছড়ি উপজেলার সাথে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ মে) রাতে ভারী বৃষ্টিপাতের ফলে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার (৩ মে) সকাল থেকে কোনও যানবাহন বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি যাতায়াত করতে পারেনি। শুক্রবার সকালে সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, গত রাতের বৃষ্টিপাতের ফলে পাহাড়ের কিছু মাটি ধসে সড়কের ওপর পড়াতে আপাতত যান চলাচল করতে পারছে না। সড়ক বিভাগ ও সেনাবাহিনী কাজ করছে। খুব শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে। তবে সাজেকের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।