রাঙামাটির বাঘাইছড়িতে দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মধ্যরাতে মারিশ্যা ব্যাটালিয়নের ২৭ বিজিবি অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি করে ৭.৬৫ বোরের সেমি-অটোম্যাটিক পিস্তল, পিস্তল ক্যারিয়ার ব্যাগ ও পুরাতন পিস্তল কভার, লোহার হাতুড়ি, বাটুল গুলতি, পুরাতন স্কুল ব্যাগ, দেশীয় একনলা বন্দুক ও এর সাতটি খালি খোসা, ৭.৬২ এম এম তাজা গুলি, ৯টি ৭.৬২ এম এম খালি খোসা দুইটি বড় ও তিনটি ছোট চাইনিজ চাপাতি, দুইটি দেশীয় লোহার হাসুয়া বা দা, ২৬টি কাঁচের মার্বেল ও পাঁচটি স্টিলের মার্বেল।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটকের লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদেও নেতৃত্বে অপস কর্মকর্তা ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানসহ বিজিবির একটি টহলদল রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। আনুমানিক রাত পৌনে ১২টার দিকে সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় উক্ত ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এই ব্যাপারে বিজিবির মারিশ্যা জোনের (২৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, বিজিবি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং টহল কার্যক্রম আরও জোরদার করেছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
