মোসাদ্দেক হোসেন খেলছেন ফতুল্লায়। সাকিব আল হাসান বিকেএসপির তিন নম্বর মাঠে, আর জাকির হাসান ৪ নম্বর মাঠে। তিন মাঠে খেললেও ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের আজকের ম্যাচে তিনজন মিলেছেন এক সুতোয়। তিনজনই আজ করেছেন সেঞ্চুরি। প্রত্যেকের ব্যাটে তান্ডব সইতে হয়েছে বোলারদের। সবারই স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মোহামেডানের মুখোমুখি হয়েছে আবাহনী। ৪৪.৪ ওভারেই অলআউট হয়ে গেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। ৩২ বল আগে গুটিয়ে গেলেও মোসাদ্দেকের ১৩৩ রানের ঝড়ো ইনিংসে ৩০৩ রান সংগ্রহ করে ধানমন্ডিপাড়ার ক্লাবটি। ৮ চার ও ১০ ছক্কায় তার ইনিংসটি সাজিয়েছিলেন ১০১ বলে। ১৩১.৬৮ তার স্ট্রাইক রেট। এছাড়া সাব্বির হোসেন ৭ চার ও ৬ ছক্কায় ৭৮ বলে করেন ৯১ রান। এছাড়া আর কোনো ব্যাটারের নেই উল্লেখযোগ্য কোনো সংগ্রহ। তাতেই তিন শতাধিক রানের সংগ্রহ পেয়ে যায় দলটি।
দলটির হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও মেহেদি হাসান মিরাজ। ৩০৪ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে মোহামেডান।
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৮০ রান করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন সাকিব আল হাসান। ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। সেঞ্চুরির স্বাদটা ভুলেই গিয়েছিলেন সাকিব। আন্তর্জাতিক বা ঘরোয়া, টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি কিংবা ‘লিস্ট এ’, কোনো পর্যায়েই ২০১৯ সালের পর তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি তিনি। অবশেষে আজ ঘুচল সে অপেক্ষা ঘুচল। এছাড়া ইয়াসির আলি চৌধুরী ৭১ রান করেন। ৫১ বল খেলা এই ব্যাটসম্যানের ব্যাটে আসে ৩টি চার ও ৫টি ছক্কা।
গাজীর হয়ে মাহফুজুর রাব্বি শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। ১০ ওভার বল ঘুরিয়ে খরচ করেন ৩৭ রান। ২৮১ রানের লক্ষ্যে একটু পর ব্যাট করতে নামবে গাজী।
এছাড়া বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক অধিনায়ক জাকির হাসান ছড়ান তান্ডব। ১২ ছক্কা আর ৮ চারে ১৩২ বলে ১৫৮ রানের ইনিংসে ৩৪১ রানের সংগ্রহ পায় প্রাইম। এছাড়া মোহাম্মদ মিঠুন ৫৪ ও সাব্বির রহমান রোম্মান ৪০ রান করেন। শাইনপুকুরের হয়ে তুষার মিয়া ও অধিনায়ক আকবর আলি নেন দুটি করে উইকেট।