তৃতীয় ধাপের মোংলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯মে। গতকাল বৃহস্পতিবার (২ মে) শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন সম্ভাব্য প্রার্থীরা। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৩মে।
কিন্তু প্রতীক বরাদ্দের আগেই মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই মোংলা উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থী প্রতীকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার শেয়ার করেছেন। এমনকি নিজের প্রতীকে ভোট চেয়ে অনলাইনে ভিডিও শেয়ার করেছেন।
এ নিয়ে মোংলা উপজেলা জুড়ে চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন অন্যান্য প্রার্থীরা।
মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা শাকিল হোসেন, মো. শাহজালাল ফকির ও সুন্দরবন ইউনিয়নের রেজাউল মৃধা বলেন, এখনও মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়নি, এমনকি প্রতীকও বরাদ্দ হয়নি। অথচ দোয়াদ প্রতীক দিয়ে মো. ইব্রাহিম হোসেন পোষ্টার ছাপিয়ে সাধারণ ভোটারদের মাঝে এক ধরণের বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও আচারণ বিধি লঙ্ঘন হচ্ছে। তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
জানা গেছে , মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম হোসেন ও তার অনুসারীরা 'দোয়াত' প্রতীকের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টার ছেড়েছেন।
এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থীরই পোষ্টার ছাপানোর সুযোগ নেই। এরপরও যে প্রার্থী পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন, তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ওই প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টার সরিয়ে ফেলবেন বলে অঙ্গীকার করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম হোসেন বলেন, আমি দোয়াত কলম প্রতীক চেয়ে নির্বাচন অফিসে আবেদন করেছি, কিন্তু এখনও প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু তার কোন কোন শুভাকাঙ্খী তাকে ভালোবেসে অতি উৎসাহি হয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এটার দায়-দায়িত্ব তাদের, আমার না। আমি আমার পরিচিতি সবাইকে এমনটা না করতে নিষেধ করে দিচ্ছি।