নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি যে দলের প্রার্থীই হোক না কেন। ভোটকেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বিভিন্ন প্রার্থীর অভিযোগ শোনেন।
দেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে হবে। একইসঙ্গে ভোটের পরিবেশ এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগ্রহ সৃষ্টির জন্য প্রার্থীদের তিনি অনুরোধ জানান।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক (রাজশাহী রেঞ্জ) আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।