সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা প্রায় ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে এসব মাছ জব্দ করা হয় বলে জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করা হয়েছিল বলে জানিয়েছেন এই মৎস কর্মকর্তা।
অভিযানে জব্দ করা চিংড়ি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, জেলি পুশ করা চিংড়ি বিক্রি ও বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।
মাছের বাজারে অনিয়ম বন্ধে মৎস্য অধিদপ্তরের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।