সম্ভাবনা বাঁচাতে কিংসে 'প্রথম'-এর জন্ম দিতে হবে আবাহনীকে

যদি বলা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যে হয় অসম লড়াই, অত্যুক্তি হবে না। পরিসংখ্যান যে সে কথাই বলছে। শীর্ষ ফুটবলে আবির্ভাবের পর কিংস কেড়ে নিয়েছে আবাহনীর রাজত্ব। অভিষেকের পর টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ শিরোপাও জিতেছে একাধিকবার। কিংসের আগমনে আবাহনীর পতন যেন থামছেই না। চলতি মৌসুমেও শিরোপা পথে ধেয়ে চলছে কিংস। অন্যদিকে আবাহনী আছে বহুদূরে। সূক্ষ্ণ একটা সম্ভাবনা আছে ছয়বারের লিগ শিরোপাজয়ীদের। সে ক্ষেত্রে শনিবার বসুন্ধরা কিংসের মাঠে একটা প্রথমের জন্ম দিতে হবে আবাহনীকে। 

প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে আবাহনীকে জিততে হবে বসুন্ধরার বিপক্ষে। অতীতে যে এমন ঘটনা কখনোই ঘটাতে পারেনি আকাশিরা। প্রিমিয়ার লিগে আগের ৯ দেখায় ৭টিতে জিতেছে কিংস। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে দু-তিনবার কিংসকে হারালেও প্রিমিয়ার লিগে কখনোই জয়ের হাসি হাসতে পারেনি আবাহনী। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজ আবাহনী কি পারবে অজেয় কিংসকে মাটিতে নামিয়ে আনতে? 
চলতি মৌসুমে কিংসের বিপক্ষে ভীষণ সাদামাটা আবাহনী। মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের সেমিফাইনালে কিংসের কাছে নাস্তানাবুদ হতে হয় তাদের। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচ স্বাগতিকরা জিতে নেয় ৪-০ ব্যবধানে। এরপর লিগের প্রথমপর্বে ফের আবাহনীর সঙ্গী হয় ২-০-তে হারের হতাশা। আজ লিগের ফিরতি পর্বের ম্যাচ হারের এই ধারা অব্যাহত থাকলে আবাহনীর শিরোপা সম্ভাবনা বলতে গেলে শেষ হয়ে যাবে। ১৩ রাউন্ড শেষে কিংস ৩৪ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ২৫ পয়েন্ট। অর্থাৎ ৯ পয়েন্টে পিছিয়ে আকাশিরা আছে তৃতীয় স্থানে। দ্বিতীয়তে থাকা মোহামেডান পরপর দুই ম্যাচ ড্র করে কিংসের শিরোপাযাত্রাটা সহজ করে দিয়েছে। শুক্রবার সাদা-কালোরা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ড্র করেছে। তাদের সংগ্রহ এখন ২৮। 

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস-আবাহনী

২০১৮-২০১৯
২৩ জানুয়ারি, ২০১৯       বসুন্ধরা কিংস    ৩-০    আবাহনী লি.
১৯ মে, ২০১৯               আবাহনী লি.    ০-১    বসুন্ধরা কিংস

২০১৯-২০২০
কভিডে বাতিল হওয়া লিগে দুদল মুখোমুখি হয়নি

২০২০-২০২১
২৮ ফেব্রুয়ারি, ২০২১     আবাহনী লি.     ১-৪    বসুন্ধরা কিংস
২০ সেপ্টেম্বর, ২০২১      বসুন্ধরা কিংস   ১-১    আবাহনী লি.

২০২১-২০২২
৩ এপ্রিল, ২০২২           আবাহনী লি.     ২-২    বসুন্ধরা কিংস
২৫ জুলাই, ২০২২          বসুন্ধরা কিংস    ৩-২    আবাহনী লি.

২০২২-২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩    আবাহনী লি.      ১-২    বসুন্ধরা কিংস    
১৪ জুলাই, ২০২৩        বসুন্ধরা কিংস     ১-০    আবাহনী লি.

২০২৩-২০২৪
২৬ জানুয়ারি, ২০২৪    আবাহনী লি.       ০-২    বসুন্ধরা কিংস

মোহামেডান হোঁচট খাওয়ায় আবাহনীর সামনে সুযোগ থাকছে পয়েন্টের হিসাবে চিরশত্রুদের ছুঁয়ে ফেলার। সে ক্ষেত্রে আজ কিংসকে চলতি লিগে দিতে হবে দ্বিতীয় হারের স্বাদ। হোঁচট খেতে খেতে এগিয়ে চলা ক্রুসিয়ানির দলের জন্য কাজটা মোটেই সহজ নয়। কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনও দিচ্ছেন জয়ের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রæতি, ‘আমাদের কাছে সামনের প্রতিটি ম্যাচই একেকটা ফাইনাল। কালকের (আজ) ম্যাচের দুটি দলই দারুণ ছন্দে আছে। আক্রমণাত্মক ফুটবলে তারা চাইছে নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে। আমার মনে হয় রোমাঞ্চকর একটা ম্যাচ হবে। এবং আমরা চাইব নিজেদের ভেন্যুর সুবিধা নিয়ে ম্যাচটা জিততে।’

ব্রুজন অতীতকে কখনোই সামনে টেনে আনতে চান না। তবে আবাহনীর বিপক্ষে সবসময়ই বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী হয় তার শিষ্যদের, বলেই মনে করেন তিনি। কিংস যদি তাদের রূপে আবিভর্‚ত হয়, তবে টানা পঞ্চম শিরোপার আগাম উদযাপনটা কিংস অ্যারেনায় আজই শুরু হয়ে যেতে পারে তাদের। এমনকি চার ম্যাচ হাতে রেখেই। 

লিগের জন্য যেমন এই ম্যাচের গুরুত্ব অনেক, ঠিক তেমনই এটা হতে যাচ্ছে দুদলের ফেডারেশন কাপের সেমিফাইনালের ড্রেস রিহার্সাল। ১৪ মে দুদল ফাইনালে চোখ রেখে মুখোমুখি হবে একে অন্যের।