গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে ছুরিকাঘাতে ইমরান হোসেন (৩০) নামের এক যুবককে হত্যা করেছে। শনিবার (৪ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মোনারমোড় এলাকায় ঘটনা ঘটে।
নিহত ইমরান একই উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের আব্দুস সোবহান মিয়ার সঙ্গে আব্দুল লতিফ আকন্দের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সম্প্রতি আব্দুল লতিফ আকন্দ গোবিন্দগঞ্জ থানায় আব্দুস সোবহান মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এর জের ধরে আজ বিকেলে মোনারমোড় এলাকায় একটি ফার্নিচারের দোকানে অবস্থানরত ইমরানের ওপর অতর্কিত হামলা চালায় আব্দুস সোবহানের লোকজন। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ইমরান হোসেন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ। তিনি মোবাইলে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পুলিশ কাজ করছে।