মেসি-সুয়ারেজ আর সদ্য যোগ দেয়া মাতিয়াস রোহাসে নিউইয়র্ক রেডবুলসের জালে গোলউৎসব করেছে ইন্টার মায়ামি। এমএলএসে নিজেদের ১২তম ম্যাচে প্রতিপক্ষকে ৬-২ গোলে গুড়িয়ে দিয়েছে তারা।
মার্চে বুলসের মাঠে গিয়ে ৪-০ গোলে হেরেছিল মায়ামি। মেসি সেই ম্যাচ খেলতে পারেননি চোট থাকায়। তার প্রতিশোধ নিতে গিয়ে অ্যাসিস্টের এমএলএস রেকর্ড গড়েছেন মেসি। তবে তিনি একা নন শনিবার রাতের জয়ের নায়ক। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। দুই গোল করেছেন প্যারাগুইয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মাতিয়াস রোহাস।
চেস স্টেডিয়ামে ৩০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল মায়ামি। কিন্তু বিরতির পর থেকে মেসি ম্যাজিকে একের পর এক গোল করতে থাকে মায়ামি। বদলি খেলোয়াড় রোহাস ৪৯ মিনিটে মেসির অ্যাসিস্টে মায়ামির প্রথম এবং দুমিনিট পর সুয়ারেজের বল-যোগানে মেসি দ্বিতীয় গোল করেন।
৬২ মিনিটে মেসি-রোহাস যুগলবন্দীতে মায়ামি এগিয়ে যায় ৩-১ এ। পরের তিন গোল মেসি-সুয়ারেজ ক্যারিশমার ফল। ৬৯ থেকে ১২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন সুয়ারেজ। এই তিন গোলে এমএলএসে উরুগুইয়ান তারকার গোল দাড়ালো ১০ এ। চলতি লিগে মেসির গোলও ১০। তবে তার অ্যাসিস্ট দাঁড়িয়েছে ১৩ তে। শুধু এমএলএসে নয়, বর্ণাঢ্য ক্যারিয়ারে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন আর্জেন্টিনার বিশ্বজয়ী।
এই জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও সুদৃঢ় করলো ইন্টার মায়ামি।