বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন দ্বিতীয় দিনের মত জ্বলছে। এরই মাঝে অন্তত ২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের।
তবে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
শনিবার পৌনে ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
তবে বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় রাতে অগ্নিনির্বাপণ কাজ স্থগিত থাকলেও আজ রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও সেচ্ছাসেবকরা। তাদের সহযোগিতায় যোগ দিয়েছে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর দুটি পৃথক দল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তৈরি আছে; তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে এসেছেন ফায়ার সার্ভিসের বিভাগীয় কর্মকর্তারাও।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে আগামী ৭ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।