বাঁশখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

চট্টগ্রাম জেলার বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ফকির পাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রয়ান জান্নাত।

রবিবার (১৮ অক্টোবর) দক্ষিণ বরুমচড়া মোনায়েম শাহ বাজারের পশ্চিম পাশে পুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকির পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ির মধ্যে রয়েছে ক্যানসারে মারা যাওয়া ছৈয়দের স্ত্রীর বাড়ি, মোহাম্মদ হোসেনের বাড়ি এবং তাদের স্বজন বাক্‌প্রতিবন্ধী রিনা আক্তারের বাড়ি। অগ্নিকাণ্ডে বাড়িঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারগুলো চরম অসহায় অবস্থায় পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসাব উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা দিয়েছেন। পাশাপাশি সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রশাসনকে অবহিত করেছেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত