বার্সার সেই মেসিকে দেখে মুগ্ধ মার্তিনো

লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। দলটির বর্তমান কোচ জেরার্দো মার্তিনো। মেসি বার্সেলোনায় থাকতেও ২০১৩-১৪ মৌসুমে তাকে কোচিং করিয়েছেন মার্তিনো। বার্সেলোনায় থাকতে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড করেছিলেন মেসি। এবার মায়ামিতে করলেন এক ম্যাচে পাঁচ অ্যাসিস্টের রেকর্ড।

আজ নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে এমএলএস ম্যাচে পাঁচ অ্যাসিস্টের সঙ্গে একটি গোলও করেছেন মেসি। মেসির প্রশংসা করতে গিয়ে মার্তিনো বলেন, 'আমি সব সময়ই একই কথা বলেছি, তার সম্পর্কে কথা বলার আসলে প্রয়োজন নেই। মেসি সব সময়ই পার্থক্য গড়ে দেন। (আজ) ছয় গোলেই তার অবদান ছিল। আমার মনে হয় না আবার কখনো আমরা এমন কিছু দেখবো।'

বার্সেলোনায় থাকতে মেসি-সুয়ারেজ জুটি প্রতিপক্ষে ভয়ের কারণ হয়ে উঠেছিলেন। এমএলএসে এই জুটি যেন ফিরিয়ে এনেছে বার্সেলোনার স্মৃতি।

আজ মেসির অ্যাসিস্টে হ্যাটট্রিক করেছেন সুয়াজের। মেসি গোল করেছেন সুয়ারেজের অ্যাসিস্টে। এ যেন সেই বার্সেলোনার মেসি-সুয়ারেজ জুটিই। মার্তিনো বলেন, 'আজ মেসি ও সুয়ারেজের মধ্যে দারুণ যোগাযোগ ছিল মাঠে। ঠিক আগের সেই বার্সেলোনার মতো।'

মায়ামি বড় ব্যবধানে জিতলেও প্রথমার্ধে দল ভালো খেলেনি সেটিও মনে করিয়ে দিয়েছেন মার্তিনো। 'প্রথমার্ধে আমরা ভালো খেলিনি। পাসগুলো ঠিকমতো হচ্ছিলো না। তবে দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে ফরোয়ার্ডরা।'

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মায়ামির প্যারাগুইয়ান ফুটবলার মাতিয়াস রোহাস। মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করেছেন তিনি। রোজাসকে নিয়ে মার্তিনো বলেন, 'আজ ৪৫ মিনিটে আমরা যে মাতিয়াসকে দেখলাম, দারুণ। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না আমরা। এখনই কোন চাপ নেই তার উপর। তবে আজকের ম্যাচের পর বলতে পারি তার চুক্তি নিশ্চিত।'

এরপর মায়ামির ম্যাচ আগামী রবিবার ভোরে মন্ট্রিয়ালের বিপক্ষে।