ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পনটকে। তাতে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্টে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে আর্সেনাল ৮৩ পয়েন্টে আছে শীর্ষে।
এবারের ইপিএল শিরোপা উঠবে কার ঘরে। সিটির যেহেতু একটি ম্যাচ হাতে আছে, ফলে বাকি সব ম্যাচ জিতলে পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা জিতবে পেপ গার্দিওলার দল।
প্রিমিয়ার লিগে যদি মৌসুম শেষে পয়েন্ট সমান হয় দুই দলের তখন দেখা হয় গোল পার্থক্য। সিটির গোল (+৫৪), আর্সেনালের (+৬০)।
গার্দিওলা মনে করেন গোল পার্থক্য নয়, পয়েন্টে এগিয়ে থেকেই লিগ শিরোপা জিততে হবে। 'যেভাবে ধারাবাহিকভাবে আর্সেনাল ভালো খেলছে তাতে গোল পার্থক্য ঘোচানো সম্ভব নয়। আমাদের তিন ম্যাচ বাকি। আশা করছি আমরা পরের দুটি জিতবো। তৃতীয় ম্যাচে আমাদের ভাগ্য নিজেদের হাতে থাকবে।'
ম্যানচেস্টার সিটি এই মৌসুমে লিগে নিজেদের ৩৬তম ম্যাচটি খেলবে আগামী শনিবার, ফুলহ্যামের মাঠে।