স্টেজ শোতে সুনিধিকে পানির বোতল ছুঁড়ে মারলেন দর্শক  

হাজারও দর্শককে সামনে রেখে স্টেজে গান গাইছিলেন সুনিধি চৌহান। উচ্ছ্বাসের পারদ যখন তুঙ্গে ঠিক এমন সময় ঘটল এক অপ্রীতিকর ঘটনা। মঞ্চে ধেয়ে এল পানির বোতল। আঁতকে উঠলেন গায়িকা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দিলেন মোক্ষম জবাব।

শোনা গেছে, দেহরাদুনে শো করছিলেন সুনিধি। মঞ্চে গান করছিলেন তিনি। তা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন দর্শকরা। কিন্তু একটি পানির বোতলেই ছন্দপতন হয়। দর্শকের এই অভব্যতার জবাব গানের মাধ্যমেই দেন সুনিধি।

মাইক ধরে অল্প আলাপের সুর বাঁধেন ৪০ বছরের শিল্পী। তার পর বলেন, “এভাবে বোতল ছুড়ে কী হবে তা বলো! তাতে কী হবে বলো তো, শো বন্ধ হয়ে যাবে। তোমরা কী সেটাই চাও?” চিৎকার করে না বলেন দর্শকরা।

এদিকে সোশ্যালে সুনিধির শোয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, “একজন শিল্পীর দিকে এভাবে পানির বোতল ছোড়ার ঘটনা, এমন ব্যবহার কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এতে শিল্পীর কঠিন পরিশ্রম ও প্রতিভাকে অসম্মান করা হয়। যদি তাদের কাজের প্রশংসা করতেই হয় তাহলে সম্মান দিতে শিখুন।”

মাত্র চার বছর বয়স থেকে পারফর্ম করছেন সুনিধি। সেই সময় তার নাম ছিল নিধি। সুনিধি নামটি দিয়েছিলেন সুরকার জুটি কল্যাণজি-আনন্দজি। এই নামকে নিজের জন্য লাকি মনে করেন সঙ্গীতশিল্পী। এক সময় চুটিয়ে প্লে-ব্যাক করেছেন। তবে এখন লাইভ শো বেশি করেন সুনিধি।